চলতি মৌসুমে ২০ ম্যাচে ২০তম গোল করার মাধ্যমে নিজ ক্লাব নাপোলিকে ইতালিয়ান সিরি-আ লীগে শীর্ষ স্থান ধরে রাখতে সহযোগিতা করে চলেছেন অভিজ্ঞ গঞ্জালো হিগুয়েইন। তার দুই গোলেই শনিবার সাসোলোর বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে নাপোলি। এর ফলে ইন্টার মিলানের থেকে চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষ স্থানে থাকলো মরিজিও সারির শিষ্যরা। সূত্র- বাসস।
শনিবার নেপলসের ম্যাচের আগ পর্যন্ত সাসোলো এবারের মৌসুমে বড় পাঁচটি দলের বিপক্ষেই অপরাজিত থেকে দারুণ হইচই ফেলে দিয়েছিল। এর মধ্যে নাপোলি, ইন্টার মিলান ও জুভেন্টাসের বিপক্ষে জয় ও রোমা ও ফিওরেনটিনার সাথে ড্র করে এই পাঁচটি দলের পরে টেবিলের ষষ্ঠ স্থানটি ধরে রেখেছে। পঞ্চম স্থানে থাকা রোমার থেকে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র তিন।
কিন্তু এবারের মৌসুমের সিরি-আ লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ক্যাপোকানোনিয়েরের অন্যতম দাবীদার হিগুয়েইন এবার আর কোন ভুল করেননি। দিয়েগো ফালসিনেলির ৩ মিনিটের পেনাল্টি স্পট থেকে গোলে নাপোলি ম্যাচের শুরুতেই পিছিয়ে যাবার পরে ১৯ মিনিটে স্বাগতিকদের পক্ষে সমতা ফেরান হোসে ক্যালেয়ন। বিরতির আগে অবশ্য ৪২ মিনিটে প্রথমবারের মত দলকে এগিয়ে দেন হিগুয়েইন। এমনকি ইনজুরি টাইমে তার দ্বিতীয় গোল না হলেও পুরো দলের পাশাপাশি প্রতিপক্ষ কোচ ইউসেবিও ডি ফ্র্যান্সেসকোর প্রশংসা তিনি আগেই কুড়িয়ে নিয়েছিলেন।
ম্যাচ শেষে ইউসেবিও বলেছেন, ‘৪১ মিনিট পর্যন্ত আমার ডিফেন্ডাররা তাকে আটকে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু এরপর প্রথম টাচেই নিজের জাত চিনিয়েছেন। সে যে কি মানের খেলোয়াড় সেটা মনে হয় আমার বর্ণনা করার প্রয়োজন নেই।’
২-১ ব্যবধানে এগিয়ে থেকে নাপোলি যখন প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ঠিক তখনই ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে হিগুয়েইন জোড়ালো শটে সাসোলো গোলরক্ষক আন্দ্রে কনসিগলিকে পরাস্ত করলে স্বাগতিকদের জয় আরও নিশ্চিত হয়।
এবারের লীগের ১৩তম জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে নাপোলি বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ৪৪। গত সপ্তাহে সাসোলোর কাছে পরাজিত হবার পরে শনিবার আটলান্টার সাথে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় ম্যাচের পয়েন্ট হারানোর খেসারত হিসেবে ইন্টার নাপোলির থেকে চার পয়েন্ট নীচে নেমে গেছে। এর অর্থ হচ্ছে পাঁচ পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের অবস্থান তৃতীয়।
গত মৌসুমে রাফায়েল বেনিতেজের অধীনে নাপোলি সিরি-আ লীগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। কিন্তু বর্তমান কোচ সারির অধীনে নাপোলি ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এজন্য তিনি বদলে যাওয়া দলের খেলোয়াড়দেরই প্রশংসা করেছেন।
তার মতে, এটা আমাদের জন্য ভাল এবং গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। এই ধরনের ম্যাচে শুরুতেই গোল হজমের পরে পুনরায় ফিরে আসাটা কঠিন। কিন্তু যে ধরনের পেশাদারিত্ব আজ খেলোয়াড়রা দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
