সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস দ্রুত সংস্কারের দাবি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:০৯
ঐতিহ্যের অংশ হিসেবে সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস দ্রুত সংস্কার করে তার নামে স্মৃতি আর্কাইভ বা সাংস্কৃতিক বলয় তৈরি করার দাবি জানিয়েছে পাবনাবাসী।
 
রবিবার দুপুরে সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবসে স্মরণসভায় এ দাবি জানানো হয়। পাবনা প্রেস ক্লাবে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 
সুচিত্রা সেনকে পাবনাবাসী ধারণ করছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘উদ্ধারের দেড় বছর পরও সরকারের পক্ষ থেকে সুচিত্রা সেনের পৈত্রিক নিবাসে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।’IMG0
এ ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
 
এতে আয়োজক সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, প্রেসকাবের সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীম, ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ ও পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সম্পাদক আব্দুল মতীন খান বক্তব্য দেন।