শরণার্থী শিশু আয়লান কুর্দিকে নিয়ে শার্লি হেবদোর ব্যঙ্গাত্মক কার্টুনের জবাব দিলেন জর্ডানের রানী রানিয়া। তিনি টুইটারে লিখেছেন, আয়লান বেঁচে থাকলে চিকিৎসক, শিক্ষক কিংবা একজন ভালো বাবা হতে পারতো। আয়লানকে একজন সম্ভাব্য নারী নির্যাতনকারী হিসেবে কার্টুনটিতে দেখিয়েছে পত্রিকাটি।
বর্ষবরণের রাতে জার্মানিতে শরণার্থীদের দ্বারা ব্যাপকভাবে নারীদের যৌন হয়রানি ও ছিনতাইয়ের পর আয়লানকেও একজন সম্ভাব্য নারী নির্যাতনকারী হিসেবে তুলে ধরে শার্লি হেবদো। কার্টুনে লেখা হয়েছে, আয়লান বেঁচে থাকলে বড় হয়ে নারী নির্যাতনকারী হতে পারতেন।
IMG0
পরিবারের সঙ্গে সিরিয়া থেকে পালিয়ে ইউরোপের আসার সময় গত বছর সমুদ্রে ডুবে মারা যায় আয়লান কুর্দি। তুরস্কের সমুদ্র সৈকতের বালুতে পড়ে থাকা তার মৃতদেহের ছবি সারা পৃথিবীতেই আলোড়ন সৃষ্টি করেছিল। তখন আয়লানের পক্ষে কার্টুনও প্রকাশ করেছিল শার্লি হেবদো।
সম্প্রতি প্রকাশিত কার্টুনটিতে দেখা যাচ্ছে, দুই নারীকে দুই পুরুষ তাড়া করছে। তার নীচে লেখা, লক্ষ্যের খুব কাছে। এই কার্টুন প্রকাশের পর পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে।
IMG1
এরই জবাবে আয়লানকে একজন চিকিৎসক হিসাবে এঁকেছেন জর্ডানের কার্টুনিস্ট ওসামা হাজ্জাজ। ওই কার্টুনটি টুইটারে শেয়ার করে রানী রানিয়া বলেন, ওসামাকে ধন্যবাদ, তিনি আমার মনের কথাই বলেছেন। আয়লান বেঁচে থাকলে সে হয়তো একজন চিকিৎসক, একজন শিক্ষক, একজন ভালো বাবা হতে পারতো।
IMG2
সূত্র: বিবিসি
