আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদে একটি বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাস্থল ওই বাড়িটি শহরের একজন বিশিষ্ট রাজনীতিবিদের।
গত বুধবারের পর এ নিয়ে শহরটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। গত সপ্তাহে সেখানে পাকিস্তান কনস্যুলেটে বন্দুক ও বোমা হামলা চালানো হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
IMG0
সর্বশেষ হামলাটি হলো ওবাইদুল্লাহ শিনওয়ারির বাড়িতে। বাড়িটিতে তখন উপজাতীয় নেতৃবৃন্দের সভা ‘জিরগা’ চলছিল। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রদেশ গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিনওয়ারির বাড়িতে এক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে।’
আফগানিস্তানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালেবান জঙ্গিদের সঙ্গে ইসলামিক স্টেট জিহাদিদের বিরোধ চলছে।
আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে বৈঠকে মিলিত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটলো। সূত্র: এএফপি
