সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বারবার বলছে জোট ভাঙা, দল ভাঙার কথা। এ সব ষড়যন্ত্র আওয়ামী লীগের করার প্রয়োজন নেই। আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে। বিএনপিই এখন দল ও জোট ভাঙার জন্য যথেষ্ট। বাইরে থেকে আওয়ামী লীগের দল বা জোট ভাঙার কোন প্রয়োজন নেই।
দুর্বৃত্তদের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির কবর জিয়ারত শেষে রবিবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীদেরই এখন একযোগে পদত্যাগ করা উচিত। বিএনপি একটি বড় দল। আন্দোলনে ৫শ’ লোকও কোথাও জমাতে পারেনি। গত ৭-৮ বছরে বাংলাদেশের কোথাও একটা বড় মিছিল হয়নি। তারা জাতীয় নির্বাচনেও যায়নি, সংসদেও তারা নেই। এই ব্যর্থতার জন্য দলীয় নেতাকর্মীরা হতাশ। এ মুহূতে তাদেরই একযোগে পদত্যাগ করা উচিত।
তিনি আরো বলেন, খালেদা জিয়া একাধিকবার ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তাদের কোন সাফল্য নেই, অর্জন নেই, উন্নয়ন নেই। আন্দোলনে তারা ব্যর্থ। নির্বাচন না করে তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে। অবশেষে তারা এখন বুঝতে পেরেছে, নির্বাচন ছাড়া বিকল্প নেই। এ কারণে এবার তারা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তী ইউপি নির্বাচনেও অংশগ্রহণ করবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরায়েজি হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘ফরায়েজি একজন মুক্তিযোদ্ধা, সৎ মানুষ ও জনপ্রিয় নেতা ছিলেন।
