শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় চতুর্থ বারের মতো জামিনের মেয়াদ বাড়ল গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের।
রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ সরকারি দলের এ সংসদের জামিনের সময় বাড়ানোর এ আদেশ দেন। এর আগে গত ৮ ডিসেম্বর একই আদালতের বিচারক ১৭ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় জামিনের সময় বৃদ্ধি করেছিলেন সাংসদ লিটনের।
লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, জামিনের মেয়াদ শেষের দিন স্থায়ী জামিন চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিনের সময় বাড়িয়েছেন। এ সময় এমপি লিটন আদালতে হাজির ছিলেন।
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
