সেলুলয়েড থেকে আবারও বোকা বাক্সবন্দি তারা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২১:২৪
গতবছর প্রায় পুরোটাই বড়পর্দা নিয়ে আলোচনায় ছিলেন ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক হওয়া কয়েকজন অভিনেত্রী। যাদের মধ্যে উল্লেখযোগ্য জাকিয়া বারি মম, আনিকা কবির শখ, মৌসুমি নাগ ও আশনা হাবিব ভাবনা। কিন্তু একটি-দুটি ছবির পরপরই থেমে গেল তাদের সেলুলয়েড পর্দায় উপস্থিত ধারাবাহিকতা। জাকিয়া বারি মম’র ক্যারিয়ার ঝুলিতে তিনটি চলচ্চিত্র থাকলেও ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি দিয়েই চলচ্চিত্র দর্শকদের কাছে নিজের একটি অবস্থান তৈরি হয়েছিল। বড়পর্দায় তার সম্ভাবনার জায়গাটাও তৈরি হয় তার এই শেষ চলচ্চিত্রটি মুক্তির পর। তখন মম বলেছিলেন চলচ্চিত্রে নিয়মিত থাকবেন তিনি। কিন্তু সেই কথার খই আর ফুটলো না। এখন নিয়মিত একক নাটক ও ধারাবাহিক নিয়েই ব্যস্ত মম। আবারও নাটকে ব্যস্ত হওয়া ও নতুন চলচ্চিত্রের শিরোনামে না আসা প্রসঙ্গে মম বলেন, ‘আমার শেষ চলচ্চিত্রটির পর দর্শকদের কাছে আমার একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। তাই পরবর্তীতে এমন কোনো চলচ্চিত্র করতে চাই না যেখানে দর্শকরা আমার ওপর নির্ভরযোগ্যতার জায়গা হারিয়ে ফেলবে।’
 
অন্যদিকে, আনিকা কবির শখ আবারও পুরোদমে ছোটপর্দা নিয়ে ব্যস্ত। চলচ্চিত্র শিরোনাম নিয়ে হঠাত্ ফোকাসে এসে আবারও যেন ডিফোকাস হয়ে গেলেন তিনি। কারণ হিসেবে শখ জানান, তার বড়পর্দার শুরুটা খুব একটা আশানুরূপ হয়নি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রটি নিয়ে চলচ্চিত্রের সংশ্লিষ্টসহ শখের ভক্তরাও ভালো কিছুর আশা করলেও সেই আশার গোড়ায় শেষ পর্যন্ত পানিই পড়েছে। সংশ্লিষ্ট অনেকেই বলেছেন বড়পর্দায় অভিনয়ের জন্য এখনও প্রস্তুত নন তিনি। অভিনয়সহ সার্বিক দিক থেকে আরও সময় নিতে হবে তার। কিন্তু শখের কথায় ছিল অন্য সুর। শখ বলেন, ‘প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতাটা খুব একটা ভালো না হওয়ায় আমি নতুন কোনো চলচ্চিত্র হুট করেই করতে চাচ্ছি না। আর বাজেটের দিকেও আমি নজর দেবো। ‘অল্প অল্প প্রেমের’ গল্প চলচ্চিত্রটির গল্প খুবই ভালো ছিল। আশা করি দর্শকরা আমাকে সামনে বড়পর্দায় নিয়মিত দেখতে পাবেন।’
 
‘রানআউট’ চলচ্চিত্রটি ছিল গত বছরের শেষের দিকের একটি আলোচিত চলচ্চিত্র। যেহেতু চলচ্চিত্রটির নায়ক-নায়িকা দু’জনই ছোটপর্দার মুখ ছিলেন তাই এই চলচ্চিত্রটি নিয়ে খানিকটা খুঁতখুতে মনোভাব ছিল সবারই। তার ওপর একটি প্রচলিত কথা তো আছেই যে, ছোটপর্দার মুখ বড়পর্দায় সফল হতে পারেন না। সেই প্রচলিত কথায় ফুল ঝরেনি ‘রানআউট’ চলচ্চিত্রটি মুক্তির পর। সজল ও মৌসুমি নাগ অভিনীত এই চলচ্চিত্রে দর্শকদের ভালো সাড়া পেয়েছেন মৌসুমি নাগ। পুরো নতুন ঢংয়ে তিনি পর্দায় উপস্থাপন হয়েছেন। কিন্তু চলচ্চিত্রটি মুক্তির আগেই মৌসুমির কোলে আসে নতুন অতিথি। তাই শুধু বড়পর্দাতেই নয়, ছোটপর্দার অভিনয়ও স্থগতি হয় তার। তবে বড়পর্দা নিয়ে আশার কথা শোনা গেছে তার মুখেও। জানান, নতুন অতিথি নিয়েই এখন ব্যস্ত তিনি। পর্দায় ফিরতে সময় লাগবে। মৌসুমি বলেন, ‘বড়পর্দায় অভিনয়ের ধারাবাহিকতায় থাকতে চাই। যেহেতু এখন কাজের বিরতিতে আছি তাই এখন কোনো পরিকল্পনা নেই। তবে কাজ শুরুর পর আমি একটি ধারাবাহিকতা রাখতে চাই। আর ‘রানআউট’ মুক্তির পর দর্শকদের কাছে যে ভালোবাসা পেয়েছি তাতে আত্মবিশ্বাসের জায়গাটা আরও বেড়ে গেছে।’
 
‘ভয়ংকর সুন্দরী’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে রেড ক্যামেরার সামনে অভিষেক হয় আশনা হাবিব ভাবনার। তবে এখন মুক্তির কোনো খবরে নেই চলচ্চিত্রটি। মাঝে নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়নি তিনি। তবে সম্প্রতি একটি নাটকে অভিনয় করেন ভাবনা। তিনি বলেন, ‘এতোদিন আমার চলচ্চিত্রের এডিটিং ও ডাবিংয়ের কাজ চলছিল তাই নতুন কোনো কাজ করিনি। আর ছোটপর্দায় কাজ করবো না বা বিরতিতে আমি কখনও থাকিনি। কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই এখন আবারও কাজ শুরু করেছি।’
 
ভালো গল্প না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। এখন চলচ্চিত্রের এক সুবাতাস বইতে থাকলেও নকল ও দুর্বল গল্পের যৌক্তিকতা উল্লেখ করার মতো। এখন দেখার বিষয় নতুন বছরে তাদের যাত্রাটা কোন পর্দা কেন্দ্রিক।