ট্রাম্পকে লন্ডনের মসজিদে যাওয়ার আমন্ত্রণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২২:৩৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনের একটি মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন।
 
ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন। তার যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে সোমবার বিতর্ক হওয়ার কথা রয়েছে।
 
যুক্তরাজ্যের পাঁচ লাখের বেশি মানুষ ট্রাম্পকে সেদেশে ঢুকতে বাধা দেয়ার দাবি জানিয়ে একটি আবেদনে সই করেছে।
 
রবিবার  করবিন বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে এসে আমার সঙ্গে আমার নির্বাচনী এলাকা ভ্রমণের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, তার মেক্সিকানদের নিয়ে সমস্যা আছে এবং  মুসলিমদের নিয়েও সমস্যা আছে। আমার স্ত্রী মেক্সিকান এবং আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন সংস্কৃতির লোক বাস করে। আমি তাকে নিয়ে আমার এলাকার মসজিদে যেতে চাই এবং লোকজনের সঙ্গে তাকে কথা বলিয়ে দিতে চাই।’
 
ওদিকে, ধনকুবের ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্য তার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলে স্কটল্যান্ড থেকে তিনি তার পুঁজি তুলে নেবেন। স্কটল্যান্ডে ৭০ কোটি পাউন্ডের বেশি অর্থ বিনিয়োগ করেছেন ট্রাম্প।