সোমবার বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২৩:১৬
আগামীকাল সোমবার গোল্ডকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াই। এ লড়াইয়ে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল বাংলাদেশ আর বাহরাইন।
যদিও গোল্ড কাপের গত আসরে বাহরাইন সেরা চারে উঠতে পারেনি। এবার এক জয়, দুই ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছে মারজানের শিষ্যরা। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আশাবাদ জানিয়েছেন দুই কোচ।
বাহরাইনের কোচ মারজান জানিয়েছেন, তার শিষ্যদের অনেকের জন্যই এই আসর প্রথম আন্তর্জাতিক কোনো আসর খেলার উপলক্ষ। তরুণ শিষ্যদের নিয়ে গড়া নিজের দলকে ফেভারিট দাবি করেছেন তিনি। মারজান বলেন, “দলের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। এ কারণে আমার চোখে আমার দলই ফেভারিট। তাছাড়া, বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে, তাই চাপটা তাদের ওপর থাকবে এবং আমাদের জন্য ম্যাচটা সহজ হবে। আমি মনে করি, ভালো একটি ম্যাচ হবে।”

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম ‘আরও ভালো’ খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “শুরুর সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। এটি করতে পারলে আমাদের ফুটবলে সৌন্দর্য ফিরে আসবে।” প্রতিপক্ষকে সমীহ করে সেমি-ফাইনালের চাপ জিততে চান বাংলাদেশ অধিনায়ক।