কেজরিওয়ালের মুখে কালি ছিটালো তরুণী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১০:০৪
দিল্লির রাস্তায় গাড়ি চলাচলের নতুন নিয়ম মেনে চলায় নগরবাসীকে ধন্যবাদ জানাতে দলীয় এক সভায় অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য দেওয়ার সময় তার দিকে কালি ছুড়ে মারলেন এক তরুণী, যার কয়েক ফোটা মুখ্যমন্ত্রীর মুখেও লেগেছে। রোববার দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে এই ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপির দিকে অভিযোগ তুলেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।
 
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বিকাল পৌনে ৫টার দিকে কেজরিওয়াল বক্তব্য শুরু করার পর ওই তরুণী মঞ্চের দিকে এগিয়ে এসে কালি, কিছু কাগজ ও একটি সিডি ছুড়ে মারে। কয়েক ফোঁটা কালি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মুখে লাগে। এ সময় নিরাপত্তা কর্মীরা দ্রুত মুখ্যমন্ত্রীকে ঘিরে অবস্থান নেন। একদল ওই তরুণীকে আটকান। ভাবনা অরোরা (২৬) নামের ওই তরুণী নিজেকে ‘আম আদমি সেনা’র সদস্য বলে পরিচয় দেন, যে গ্রুপটি আম আদমি পার্টি থেকে দলছুটদের নিয়ে গঠিত।
নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেওয়ার সময় ওই তরুণী সাংবাদিকদের বলেন, আম আদমি সেনার হয়ে পাঞ্জাবে কাজ করেন তিনি।
 
IMG0
 
ভারতের রাজধানীতে জোড়-বিজোড় নম্বরধারী গাড়ি আলাদা দিনে চালানোর যে নিয়ম কেজরিওয়াল চালু করেছেন তার সমালোচনা করেন তিনি। এই পরিকল্পনার মাধ্যমে দিল্লি সরকার একটি সিএনজি কেলেঙ্কারি শুরু করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। আমি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম কিন্তু আমাকে সময় দেওয়া হয়নি।
 
অরোরাকে মডেল টাউন থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অনুমতি সূর্যাস্তের পর নারীদের গ্রেপ্তারের নিয়ম না থাকায় তাকে গ্রেপ্তারের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি চেয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া। ঘটনার জন্য দিল্লি পুলিশের কঠোর সমালোচনার পাশাপাশি পুরো ঘটনার বিজেপির দিকে অভিযোগ তুলেছেন তিনি। পুলিশ কিছুই করেনি। ওই নারী যখন কেজরিওয়ালের দিকে কালি ছোড়ে তখন তারা যেন নাটক দেখছিল। কালির জায়গায় এটা এসিডও হতে পারত। আমি মনে করি, বিজেপিই পুরো ঘটনার পরিকল্পনা সাজিয়েছে।
 
এক টুইটে দিল্লির পরিবহনমন্ত্রী গোপাল রাই লিখেছেন, যারা ১৫ দিনে জোড়-বিজোড় পরিকল্পনা ব্যর্থ করতে পারেনি তারা একটা ঝামেলা করার চেষ্টা করেছে। এটা লজ্জাজনক। এ ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি নেতা বিজেন্দার গুপ্ত বলেছেন, আমি তীব্রভাবে এ ঘটনার নিন্দা জানাচ্ছি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।