শাওমির বিক্রয় মন্দা দূর করবে রেডমি নোট ৩ প্রো

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১০:০৯

২০১৫ সালটা ভালো যায়নি চীনের অ্যাপল খ্যাত শাওমির। তবে ২০১৬ সালে আবার ঘুরে দাঁড়াতে চাইছে প্রযুক্তিপণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান। আর এই চাওয়ার অংশ হিসেবে ক’দিন আগে ‘রেডমি ৩’ নামের একটি স্মার্টফোন আনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিকাশমান স্মার্টফোনের বাজারে তুমুল জনপ্রিয় এই প্রতিষ্ঠান এবার ‘রেডমি নোট ৩ প্রো’ নামের আরেকটি ফোন আনতে যাচ্ছে।

চীনের গ্রাহকদের সাথে প্রথমে রেডমি নোট থ্রি প্রো’কে পরিচয় করিয়ে দেয় শাওমি। তবে ডিভাইসটি রবিবার থেকে বিশ্ববাজারে সরবরাহ করা শুরু হয়েছে। হ্যান্ডসেটটি জনপ্রিয়তা পাবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।

গাঢ় ধূসর, রুপালি ও শ্যাম্পেন গোল্ড রঙের এই ডিভাইস ১৫১ ডলারে পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৮০০ টাকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

রেডমি নোট থ্রি প্রো’তে ১৯২০–১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের সাড়ে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে হেক্সা-কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ভিত্তিতে তৈরি স্মার্টফোনটি শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআই দিয়ে চলবে। ২ জিবি র‍্যামের এই স্মার্টফোনে ৩২ জিবি অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধা থাকবে।

এতে ছবি তোলার জন্য ডুয়াল টোন এলইডি ফ্লাশের ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

স্মার্টফোনটিতে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস সুবিধা থাকবে। এতে আরও থাকবে ৪ হাজার মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

স্মার্টফোন বাজারে গত কয়েক বছর বেশ নাম কামিয়েছে চীনের এই প্রতিষ্ঠান। বিক্রির দিক থেকেও ছিল সুবিধাজনক অবস্থানে। তবে গেল বছরটা ভালো কাটেনি প্রতিষ্ঠানটির। ২০১৫ সালে ১০ কোটি লক্ষ্যের বিপরীতে বছর শেষে ৭ কোটি বিক্রি করতে পেরেছে।

সাশ্রয়ী দামে উন্নত কনফিগারেশন ও আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন বাজারে এনে শুরুতেই বাজিমাত করেছিল কোম্পানিটি। ২০১০ সালে যাত্রা শুরুর পর কয়েক বছরের মধ্যে শীর্ষ পঞ্চম স্থানে চলে আসে। তবে ২০১৫  সালে বেচাকেনায় খুব একটা সুবিধা হয়নি।