রাস্তায় দুর্ঘটনাগ্রস্তকে বাঁচানোর চেষ্টা করে একজন। অথচ ঘটনাচক্রে সে-ই প্রশ্নের মুখোমুখি হয়। বিপদগ্রস্তকে বাঁচানোর জন্য প্রশংসার বদলে জোটে অপবাদ! এমনই এক গল্প নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক অরূপ দে। নাম ‘আগুনের পাখি’। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে সাংবাদিক হিসেবে দেখা যাবে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
ছবিতে ওই ঘটনাটি নিয়ে সংবাদ করতে চান ঋতুপর্ণা। যদিও পরিস্থিতির চাপে সংবাদ গল্পে সত্যিটা উন্মোচন হয় না। বরং খানিক মিথ্যেই মিশে থাকে।
পরিচালকের মতে, বিষয়টা ‘হলুদ সাংবাদিকতা’র মতো। আর ঋতুপর্ণার চরিত্রটা হলুদ সাংবাদিকের।
অরূপ আরও জানান, আমার ছবির মধ্যে একটা বার্তা রয়েছে। সোশ্যাল ক্রাইসিসের কথা বলে ‘আগুনের পাখি’। যেখানে কিছু কঠিন বাস্তব উঠে এসেছে।
ছবির নামের ব্যাপারে পরিচালক জানান, দুর্ঘটনাগ্রস্ত মেয়েটি যেমন আগুনে জ্বলছে, তেমনই ঋতুপর্ণার বুকেও আগুন। সেই প্রেক্ষিতেই ছবির এই নাম।
অরূপ এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু তোমার’ এবং টোটা রায়চৌধুরীর ‘শপথ’এর পরিচালনা করেছেন। এটা তার তৃতীয় ছবি।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। বাস্তব ঘটনা নিয়েই তৈরি এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, সায়নী দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহাসহ অনেকে। ছবিটির সংগীত পরিচালনায় কল্যাণ সেন বরাট।
