মজা করার জন্য সেতু থেকে ঝাঁপ, ব্রিটিশ নাগরিক নিখোঁজ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৩:২৬

ব্রিসবেন সেতুর ওপর থেকে ঝাঁপ দেয়ার পর সোমবার এক ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। তিনি মাতাল অবস্থায় ‘একটু মজা করার জন্য’ সেতু থেকে ঝাঁপিয়ে পড়েন। অস্ট্রেলিয়ার পুলিশ এ কথা জানিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, ওই লোকটির সঙ্গে আরও তিনজন ব্রিসবেন নদীর ওপরে নির্মিত উইলিয়াম জোলি ব্রিজ থেকে ১০ মিটার (৩৩ফুট) নিচে নদীতে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। রবিবার রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় তারা নদীতে ঝাঁপিয়ে পড়ার এই সিদ্ধান্ত নেন।

পরিদর্শক সন ক্রাইয়ার ব্রিসবেনে সাংবাদিকদের বলেন, ‘তারা নিজেদের মধ্যে আলোচনা করে ব্রিজ থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। মজা করার জন্যই তারা এমনটা করবেন বলে একমত হন।’

তিনি আরও বলেন, ‘৩০ বছর বয়সী নিখোঁজ ওই ব্রিটিশ যুবক প্রথমে সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন।’
ক্রাইয়ার বলেন, ‘প্রথমবার ঝাঁপ দেয়ার কয়েক সেকেন্ড পর ভেসে উঠে আবার পানিতে ডুবে যান। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।’

তিনি বলেন, লোকটির সঙ্গীরা তাকে আর দেখতে না পেয়ে জরুরি সংস্থার সদস্যদের খবর দেয়। প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ একটি হেলিকপ্টারকে খবর দেয়া হয়। নদীতে সন্ধান চালিয়েও নিখোঁজ লোকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।