আগামী বিশ্ব ইজতেমা ২০১৭ সালের ১৩ জানুয়ারি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৩:৫৫
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা শুরু হবে ২০১৭ সালের ১৩ জানুয়ারি। 
 
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'রবিবার দিবাগত রাতে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিরা বিশ্ব ইজতেমাস্থলে একটি বৈঠক করেন। এতে ২০১৭ সালের ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ২০, ২১ ও ২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব করার সিদ্ধান্ত নেয়া হয়।'
 
ওই বছরও দুই পর্বে দেশের ৩২ জেলার মুসল্লি (জামাতবদ্ধ তাবলিগ সদস্যরা) বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বলে জানা গেছে।
 
আগামী বিশ্ব ইজতেমার জেলাগুলো হলো- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা।
 
১৯৬৭ সাল থেকে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।