একজনকে 'জিম্মি' রেখে ব্রিটেনে যেতে পারবেন নাশিদ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:১২
 
মালদ্বীপের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদকে ব্রিটেনে চিকিৎসার জন্য যেতে দেয়ার অনুমতি থেকে পিছু হটেছে দেশটির সরকার। পিঠের অস্ত্রোপচারের জন্য রবিবার ব্রিটেনে যাওয়ার কথা ছিল তার। এখন সরকার শর্ত দিয়েছে নাশিদকে ব্রিটেনে যেতে হলে তার ফিরে আসার নিশ্চয়তা হিসেবে তার কোন আত্মীয়কে রাজধানী মালেতে অবস্থান করতে হবে।  নাশিদ যদি ফিরে না আসেন তবে তার সেই 'জিম্মি' আত্মীয়ের সাজা হবে।
 
সরকার বলেছে সাজাপ্রাপ্ত আসামিকে এই শর্ত পূরণ করতে হবে। ফিরে এসে সাজার বাকি মেয়াদ খাটবে এই শর্তে আন্তর্জাতিক চাপের মুখে রবিবার নাশিদকে ব্রিটেনে যাওয়ার অনুমতি দেয় মালদ্বীপ সরকার।  সন্ত্রাসবিরোধী আইনে গতবছর তাকে ১৩ বছরের জেল দেয়া হয়। 
 
নাশিদের আইনজীবী লতিফ রয়টার্সকে বলেন,সরকার শেষ মুহূর্তে এসে সমঝোতা ভেঙে দিয়েছে।  এ ধরনের ব্ল্যাকমেইল অবৈধ, বিশ্বে নজিরবিহীন।  নাশিদের দলের একজন মুখপাত্র বলেন, ৩০ দিনের মধ্যে নাশিদ না ফিরলে তার আত্মীয় বিচারের মুখোমুখি হবেন। 
 
এটি 'অনৈতিক' শর্তের কারণে নাশিদ ব্রিটেনে যেতে রাজী হননি।  বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে পরিবারের কাউকে মনোনীত করে কাগজে স্বাক্ষর করলেই নাশিদ বিদেশে যেতে পারবেন।  সূত্র: বিবিসি