গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়া হবে : ভূমিমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৫
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের গৃহহীনদের বিনামূল্যে ঘর তৈরি করে পুনর্বাসন করা হবে। তিনি গৃহহীন ও ভূমিহীনদের খুঁজে বের করে তাদের জন্য খাসজমিতে গৃহ নির্মাণ ও ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান নিশ্চিত করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়াদির ওপর বিভাগীয় কমিশনারদের সমন্বয়ে সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
 
এ সময় ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, এ.কে.এম. ফজলুল হক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।
 
সভার শুরুতেই সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর মেঝ ছেলে হীরক হাসানুর রহমান শরীফ রানার অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনসহ শোক প্রকাশ করা হয়।