৫ খুন: বাদীর ভাগ্নে গ্রেফতার, মামলার তদন্তভার ডিবির হাতে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬
নারায়নগঞ্জের বাবুরাইল খানকামোড় এলাকার আশেক আলী ভিলায় একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার বাদী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার পরদিন রবিবার মাহফুজকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করে।
 
সোমবার মাহফুজকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মামলার তদন্তকারী র্কমর্কতা।  এরই মধ্যে মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
 
নারায়নগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন জানান, অচিরেই মামলার রহস্য উন্মোচিত হবে। এবং প্রকৃত অপরাধীরা গ্রেফতার হবে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘একাধিক বিষয়কে মাথায় রেখে আমরা এগুচ্ছি।  এই হত্যাকাণ্ডের পেছনে যারাই থাকুক তারা নিহতদের র্পূব পরিচিত এবং নিয়মিত তাদের বাসায় যাতায়াত করত। তাছাড়া খাবারের সঙ্গে চেতনা নাশক ঔষধ ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটাও অনেকটা নিশ্চিত বলা চলে। হত্যাকাণ্ডে জড়িতরা পেশাদার খুনি নয়।
 
পুলিশ সুপার আরো বলেন, ‘ঘটনা তদন্তে আমরা কোন বিষয়কেই ছোট করে দেখছি না। তবে দুটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছি। একটি হচ্ছে টাকার লেনদেন এবং অপরটি নারী ঘটিত বিষয়।
 
উল্লেখ্য, শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামে একটি বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃংশসভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)।