প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষক নেতা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:৩৬
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এখন তারা সাধারণ সভা করে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সাধারণ সভাটি কবে হবে তা এখন ঠিক হয়নি।
 
সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব ও অর্থ সচিব উপস্থিত ছিলেন।
 

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে খুব ইতিবাচক মনে হয়েছে। তিনি শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে দেখবেন। এ জন্য তিনি শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সাধারণ সভা করে এখন তারা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।