চীনের প্রবৃদ্ধির হার ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ০৯:৪১
চীনের ২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে গত ২৫ বছরের মধ্যে এই প্রবৃদ্ধির হার সর্বনিম্ন। 
 
২০১৪ সালে ৭.৩ শতাংশ প্রবৃদ্ধির পরে বেইজিং ২০১৫ সালে ৭ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, অর্থনীতির ধীর প্রবৃদ্ধি গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রবৃদ্ধি ৬.৮ শতাংশের নিচে নামলেই অর্থনীতি পুনরুজ্জীবিত করতে নতুন প্রণোদনা দেয়ার চিন্তা ভাবনা করবে চীন সরকার।
 
ধীর প্রবৃদ্ধির কারণে চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৪ সালের পরে ৬ বার সুদের হার কমিয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে চীনের শেয়ার বাজারে দরপতনের পরে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের  মধ্যে আতংক তৈরি করেছে। চীনের অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধির কারণে রফতানি ও বিনিয়োগের চেয়ে ভোক্তা ও সেবা ভিত্তিক অর্থনীতির দিকে যাত্রা করছে। বিবিসি।