১৫ ফেব্রুয়ারির পর উন্মোচন করা হবে শাওমির বহুল প্রতীক্ষিত ফোন এমআই ৫। আর উন্মোচনের এক সপ্তাহ পর থেকেই ডিভাইসটি বিক্রির উদ্দেশে বাজারে ছাড়া হবে।
শাওমির সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র ভিপি লিয়াং জিয়াং এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে হ্যান্ডসেটটি কি শুধু চীনের বাজারে আসবে নাকি বিশ্ববাজারে ছাড়া হবে এ সম্পর্কে কিছু জানাননি তিনি। সূত্র- এনডিটিভি ও অ্যান্ড্রয়েড হেডলাইন।
এর আগে ৬ জানুয়ারি চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবো'তে আরেক ঘোষণায় লিয়াং জিয়াং জানান, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর চালিত এমআই ৫ স্মার্টফোন চীনের বসন্ত উৎসবের পর উন্মোচন করা হবে। চীনের এই বসন্ত উৎসব ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
এমআই ৫ নিয়ে এখনো নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চলছে। গত নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লেই জুন ফোনটির গুণগতমান সম্পর্কে বলেন, ‘খুব, খুব ভাল’।
২০১৪ সালে যাত্রা শুরু করে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে শাওমি। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দেওয়ায় মূলত এটা সম্ভব হয়েছে। বাজার চাহিদার কারণে চীনের এই প্রতিষ্ঠানটির আসন্ন ডিভাইস নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের ডিভাইসের মতো হৈচৈ শুরু হয়। 'শাওমি এমআই ৫' এর বেলায়ও তা হচ্ছে।
এমআই ৫ ফ্ল্যাগশিপের স্পেশিফিকেশন নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। গত ২৮ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত এই স্মার্টফোনের একটি ভিডিও ফাঁস হয়েছে অনলাইনে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, কালো, সোনালী, গোলাপি এবং সাদা রঙে বাজারে আসবে ডিভাইসটি।
২৪ ডিসেম্বর শাওমি এমআই ৫ স্মার্টফোনের ছবি ও তথ্য ফাঁস করে চীনা ওয়েবসাইট যায়েকি। সাইটটির ছবিতে ডিভাইসটির সামনের প্যানেল ও নিচের বেজেল তুলে আনা হয়। পাশাপাশি স্মার্টফোনটির দামসহ নানা কনফিগারেশনের তথ্যও তুলে আনে।
সাইটটি জানায়, এমআই ৫ ডিভাইসে ডিসপ্লের নিচের দিকে স্লিম হোম বাটন থাকবে। মেটাল ফ্রেম ডিজাইনের এই ফোনের নিচে ইউএসবি টাইপ-সি এবং ডুয়াল স্পিকার থাকবে।
IMG0
সাইটটি আরও জানায়, ফ্ল্যাগশিপ ফোনটিতে ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে থাকবে এবং এর ব্যাক প্যানেল থ্রিডি গ্লাসে মোড়ানো থাকবে। শুধু তাই নয়, ফোনটিতে বাজার সেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
এর আগেও ডিভাইসটির আরও কিছু তথ্য ফাঁস হয় অনলাইনে। ফাঁস হওয়া ওই সব তথ্যমতে, স্মার্টফোনটিতে ফুল এইচডি বা কিউএইচডি রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি থাকবে। ৩জিবি ও ৪জিবির সংস্করণে বাজারে আসবে ডিভাইসটি। ৩জিবির সংস্করণে ৩২জিবি ইন্টারনাল মেমোরি ও ৪জিবির সংস্করণে ৬৪জিবি ইন্টারনাল মেমোরি থাকবে।
শাওমির নতুন এই স্মার্টফোনে ছবি তোলা ও ভিডিও করার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ভিত্তিক এমআইইউআই থাকবে। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৬০০এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটির ব্যাটারিতে থাকবে কুইক চার্জ ৩.০ প্রযুক্তি, যা ব্যাটারিকে দ্রুত চার্জ হতে সাহায্য করবে।
শাওমি এমআই ৫ এর ৩জিবির সংস্করণের দাম পরবে ১ হাজার ৯৯৯ ইয়েন এবং ৪জিবি সংস্করণের দাম পরবে ২ হাজার ৯৯৯ ইয়েন।
