পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান গোষ্ঠীর হামলায় হতাহতের ঘটনা নিয়ে তৈরি একটি ভিডিও গেইম ব্যাপক সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে। বিবিসি বলছে, পাঞ্জাবের প্রাদেশিক সরকারের ডিজিটাল সংস্থা ‘পাকিস্তান আর্মি রিট্রিবিউশন’ বা পাকিস্তান সেনাবাহিনীর বদলা নামের এই ভিডিও গেমটি ছেড়েছিল।
গেমটিতে খেলোয়াড়রা সৈনিক হিসেবে হামলাকারীদের গুলি করতে পারেন। পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার মুখে সংস্থাটি নিজেদের ভুল স্বীকার করে গেমটি প্রত্যাহার করে নেয়। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান গোষ্ঠীর হামলায় ১৫২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৩৩ জনই স্কুলছাত্র। এই হামলায় আহত হন ১২০ জনেরও বেশি। হামলার পর স্কুলটির অডিটরিয়ামে রক্তমাখা জুতো। হামলাকারী সাত জঙ্গিও সেনা অভিযানে নিহত হয়েছেন। ওই ভয়াবহ ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।
IMG0
ওই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে গুগল প্লে সার্ভিসে গেমটি ছাড়া হয়েছিল। পাকিস্তানের দ্য ডন সংবাদপত্র বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর এটি সবার নজর কাড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পাঞ্জাব আইটি বোর্ড এই গেইমটি অনুমোদন করেছিল। সমালোচনার জেরে বোর্ড নিজেদের ভুল স্বীকার করে জানিয়েছে, তারা এই গেমটির বিতরণ বন্ধ করে দিয়েছে। বিবিসি।
