ভিকারুন্নেসার বিশেষ পরিচালনা পর্ষদ কেন অবৈধ নয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:২৬
ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের বিশেষ পরিচালনা পর্ষদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও বিশেষ পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 
 
গত ৩০ ডিসেম্বর বেসরকারি বিমান ও পর্যটন পরিবহন মন্ত্রী রাশেদ খান মেননকে প্রধান করে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের বিশেষ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এই পরিষদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আখন্দ।
 
আবেদনে বলা হয়, গত ২০১২ সালে বিশেষ পরিচালনা পরিষদ গঠনের প্রশ্নে হাইকোর্ট রুল জারি করে। ওই রুল বিচারাধীন থাকা অবস্থায় পুনরায় পর্ষদ গঠন করা আদালত অবমাননার শামিল।
 
আবেদনের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন বলে রিটকারী ইউনুস আলী জানান।