মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় ৪৪৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় বেড়েছে। একই সঙ্গে প্র্রকল্প বাস্তবায়নের সময়সীমাও দেড় বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ৭৭২ কোটি ৭০ লাখ টাকার মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের চূড়ান্ত ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা। এছাড়াও প্রকল্পটির নকশা সংশোধনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
তিনি বলেন, ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ’ প্রকল্পটিসহ মোট দশটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্পের মোট ব্যয় হবে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহার্য ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা এবং বাকিটা আসবে সরকারি তহবিল (জিওবি) থেকে।
