বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত: ফখরুল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২০:৫৩
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত। এদেশ এখন বিপন্ন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিরি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, এই অবস্থা থেকে পুনরুদ্ধারে আমরা কাজ করছি। আমাদের এখন মূল চ্যালেঞ্জ দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ দেশের মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনা।
 
তিনি বলেন,  জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত ছিলেন না, তিনি দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ যখন তাকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছেন।
 
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান সমগ্র জনগণকে একত্রিত করে উন্নয়ন ও অগ্রগতির নতুন রাজনীতি শুরু করেন। বহুমাত্রিক গুণের অধিকারী এই নেতা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার জন্য কাজ করে গেছেন।
 
এর আগে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।