‘ওয়েলকাম টু দি হোটেল ক্যালিফোর্নিয়া...’ ঈগলসের বিশ্বসেরা গানগুলোর মধ্যে অন্যতম এই গানটির স্রষ্টা গ্লেন ফ্রে আর নেই। রক ভক্তদের কাছে ‘ঈগলস’ এক উন্মাদনার নাম। স্টেজে তাদের পারফর্ম দেখার জন্য ঘটে কত কত ঘটনা। সেই উন্মাদনার বড় একটি অংশ ছিল গ্লেন ফ্রে।
বেশ কিছুদিন ধরেই ঈগলসের এই প্রতিষ্ঠাতা সদস্য অসুস্থ ছিলেন। ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্লেনের মৃত্যুর খবরটি জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ব্যান্ডের ভোকালিস্ট ছাড়াও অনেক বিখ্যাত গান লিখেছেন তিনি।
‘হোটেল ক্যালিফোর্নিয়া’ ছাড়াও এই তালিকায় রয়েছে ‘দ্য ওয়ান ইউ লাভ’, ‘ডেসপারেডো’, ‘দ্য হার্ট ইজ অন’, ‘টেক ইট ইজি’, ‘প্লিজ কাম হোম ফর’, ‘লাভারস মুন’সহ অনেক বিখ্যাত গান।
গ্লেনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তার সঙ্গীত জীবনের দীর্ঘদিনের বন্ধু ডন হেনলি। তিনি বলেন, ‘আমার পরিবারের একজন মানুষ বিদায় নিলো। একসাথে একটি স্বপ্ন শুরু করি আমরা। আমাদের অনুপ্রেরণা ছিল গ্লেন। সব পরিকল্পনা ও করতো। জীবনের একজন সফল মানুষের নাম গ্লেন।’
১৯৭১ সালে গঠিত হয় ‘ঈগলস’ ব্যান্ড। সাফল্যের ঝুলিতে উল্লেখযোগ্য স্বীকৃতির মধ্যে রয়েছে, ছয়টি গ্র্যামি ও পাঁচটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড।
৮০’র দশকে ‘ঈগলস’ ছেড়ে দেন গ্লেন। এরপরের পথচলার গল্পটাও সফলতার। ‘ইউ বিলং টু দ্য সিটি’, ‘দি হিট ইজ অন’, ‘লাভ উইল কিপ আস এলাইভ’ এর মতো বহু বিখ্যাত গানের উপহার দিয়েছেন এই সঙ্গীতজ্ঞ।
