দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভালো সময়: হর্ষবর্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৪৮
বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রার প্রশংসা করে ভারতের নতুন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভালো সময়।
 
মঙ্গলবার বঙ্গভবনে মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিতে গিয়ে রাষ্ট্রদূত এ কথা বলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। ঢাকায় পঙ্কজ সরনের উত্তরসূরি হিসেবে গত সপ্তাহে ঢাকায় এসেছেন শ্রিংলা। তার পূর্বসূরির দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছিল।
 
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রার প্রশংসা করে বলেছেন, দু’দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভালো সময়।
 
ভারতের হাইকমিশনার বলেছেন, দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে তার সরকার অগ্রধিকার দেবে। তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে রাষ্ট্রপতিকেও জানিয়েছেন তিনি।
 
নতুন হাই কমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে আবদুল হামিদ স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশটির সর্বাত্মক সহযোগতিার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
 
শ্রিংলা বাংলাদেশে তার দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সহযোগতিা চেয়ে বলেন, তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবেন।
 
রাষ্ট্রপতি দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর উপর জোর দেন। দ্বি-পক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধমান বলেও তিনি উল্লেখ করেন। চারদেশীয় সড়ক যোগাযোগে বিবিআইএন-এমভিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
 
আবদুল হামিদ একাত্তরে তার ভারতে অবস্থানকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন এবং ২০১৪ সালে তার সফরের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করেন।
 
শ্রিংলা বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।  রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।