পাঠ্যপুস্তকে জিয়াকে বিকৃতভাবে উপস্থাপন হচ্ছে: ফখরুল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২০:৫২
পাঠ্যপুস্তকে জিয়াউর রহমানকে ‘বিকৃতভাবে’ উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন দেশ’শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
 
ফখরুল ইসলাম বলেন, ‘আজ আমাদের ছোট ছোট বাচ্চাদের যে বই পড়ানো হয়, তাতে জিয়াউর রহমান সম্পর্কে খুব খারাপ কথা লেখে হয়েছে। জিয়াউর রহমান না কি হত্যাকারী- এধরনের কথা লেখা।’
 
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তা জিয়ার সম্পৃক্ততার অভিযোগ করে আসছেন আওয়ামী লীগের নেতারা। জিয়া রাষ্ট্রক্ষমতা নেয়ার পর কর্নেল আবু তাহেরকে সামরিক আদালতে বিচারের নামে হত্যা করেন বলে আদালতের রায়ে উঠে আসে। মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক এবং পরে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়ার ‘আসল চেহারা’ও  ‘চিন্তা-চেতনা’ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
 
এর আগে সকালে ফখরুলসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতা-কর্মীদের জিয়ার পথ অনুসরণের পরামর্শ দেন ফখরুল ।
 
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল হালিম, অধ্যাপক মোজাদ্দেদী আল ফেছানি, ড. আবদুল করীম, রফিকুল ইসলাম, শহিদুল আহসান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার।