পাকিস্তানের সঙ্গে ৪০টিরও বেশি 'ঝুঁকিপূর্ণ' সীমান্ত এলাকায় লেজার ফেন্স বসাবে ভারত। ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সীমান্তের যেসব যায়গায় নদী রয়েছে এমন এলাকা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এই প্রযুক্তির সাহায্য নেয়া হবে।
এ মাসের শুরুর দিকে পাঞ্জাবে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার পর সীমান্তে এমন ব্যবস্থা নেয়ার কথা জানালো ভারত। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করছে ভারত সরকার। হামলাকারীদের প্রতিহত করতে চার দিন সময় লেগেছিল ভারতের নিরাপত্তা বাহিনীর।
লেজার ফেন্স ব্যবস্থায় বস্তুকে সনাক্ত করা যায় ও অনুপ্রবেশের ঘটনায় সাইরেন বেজে ওঠে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ লেজার ফেন্স ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
