রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার অ্যালিসন ব্লেইক। মঙ্গলবার ব্লেইক বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, নতুন হাই কমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। দিন দিন এই সম্পর্ক আরো সম্প্রসারিত হচ্ছে।
দুই দেশের বাণিজ্য-বিমিনয়োগ চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের অনেক বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছেন এবং সুনামের সঙ্গে ব্যবসা করছেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের অনেক শিক্ষার্থীর অধ্যয়নের বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এর ফলে দুই দেশের সম্পর্কের বহুমুখী সম্প্রসারণ ঘটছে।
হাউস অফ কমন্সের সদস্য হিসেবে তিন বাংলাদেশি নারীর নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরে আবদুল হামিদ বলেন, যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশি বংশদ্ভূতদের আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
অ্যালিসন ব্লেইক বাংলাদেশে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে বলেন, দুই দেশের সম্পর্ক আরো সম্প্রসারণে তিনি অব্যাহত প্রয়াস চালাবেন।
ইউরোপের দেশটির নতুন হাই কমিশনার বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অফ অনার দেয়
