ঢাকায় এক ছাদের নিচে নরডিক দূতাবাসের যাত্রা শুরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২২:৫৯
একীভূত হওয়ার ছয় মাস পর ঢাকায় একই ছাদের নিচে কূটনৈতিক কার্যক্রম চালু করেছে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের সমন্বিত দূতাবাস।
 
রাজধানীর গুলশান ২ নম্বর নর্থ অ্যাভিনিউয়ের ‘বে’স এজওয়াটার’ ভবনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উপস্থিতিতে মঙ্গলবার নরডিক দূতাবাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
 
দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে নরডিক দেশগুলোর দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এটা শক্তিশালী ও সমন্বিত প্ল্যাটফর্মের কাজ করবে। এতে একই ছাদের নিচে এই দূতাবাসকে নরডিক তিন দেশের 'শক্তিশালী ও মিলিত উপস্থিতি' হিসেবেও আখ্যায়িত করা হয়।
 
ইউরোপের উত্তরাঞ্চল ও উত্তর আটলান্টিক মহাসাগর উপকূলের পাঁচটি দেশ নরডিক দেশ নামে পরিচিত। এর মধ্যে ফিনল্যান্ড ও আইসল্যান্ড ছাড়া বাকি তিন দেশ ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন গত শতকের সত্তরের দশক থেকে বাংলাদেশে মিশন চালিয়ে আসছিল।
 
গত বছরের জুলাইয়ে এই তিন দেশ ঢাকায় সমন্বিতভাবে দূতাবাস কার্যক্রম পরিচালনা শুরু করলেও এবার একই ছাদের নিচে শুরু হলো তাদের যাত্রা।