একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের জামায়াত নেতা শামসুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের ৬টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বেলা ১১টায় ধানমন্ডি কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান খান ও তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।
বাকি আসামিরা হলেন-মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন।
প্রকাশিত প্রতিবেদনে পাঁচজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে।
২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
