‘অপরাধীদের শনাক্ত করতে ক্রিমিনাল ডাটাবেজে তৈরি হচ্ছে’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:৩৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অপরাধীদের সহজে সনাক্তকরণের উদ্দেশ্যে 'ক্রিমিনাল ডাটাবেজ' তৈরি করা অপরিহার্য। এ কারণে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদফতরের তথ্যের সঙ্গে যুক্ত করে কারাগারে আগত বন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে।' বুধবার সকালে 'জাতীয় কারা সপ্তাহ ২০১৬' উপলক্ষে গাজীপুর কাসিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন. ‘শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও মাদক পাচার কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন না। তাদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করার করতে হবে।'
 
IMG0
 
তিনি আরও বলেন, 'যুদ্ধাপরাধীদের রায়ে বাস্তবায়নে কারা বিভাগের কার্যক্রম প্রশংনীয়। অপরাধীদের নিরাপদে আটক রেখে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব পালন করছে তার জন্য কারাগারের সব সদস্যকে জানাই ধন্যাবাদ।
 
এ সময় স্বরাষ্ট্র সচিব সচিব ড. মো. মোজাম্মেল হক খান, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মো. হারুনুর রশিদ পিপিএম উপস্থিত ছিলেন।
 
সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক। কারা সপ্তাহ উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে কারা সপ্তাহ ২০১৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।