বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ে পৌঁছাতে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে তার সরকার। বুধবার সকালে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
অ্যালিসন ব্লেইক বলেন, সাধারণ মানুষের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সহায়তার জন্যই আমরা বাংলাদেশে এসেছি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের ক্ষেত্রে আমরা সরকারকে সহায়তা করব।
তিনি বলেন, শিশু ও নারীদের মর্যাদা রক্ষায় কাজ করব, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশকেও সহায়তা দেবে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং আরো শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে যুক্তরাজ্য অবদান রাখতে পারে।
