জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, গ্রেফতারকৃতরা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।
আটককৃত বাংলাদেশিদের সবাই পুরুষ। সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। গত নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ঐ ২৭ জনকে গ্রেফতার করা হয়।
স্ট্রেইট টাইমস বলেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার ঐ বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকান্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।
