ব্রিটেনে ১০ বছর বয়সী একটি মুসলিম শিশু স্কুলের একটি ক্লাসে 'terraced house' লিখতে গিয়ে ভুল করে 'terrorist house' লিখায় পুলিশের তদন্তের মুখে পড়ছে। ল্যাঙ্কাশায়ারে বসবাসকারী ওই শিশুটি এটা লিখে বোঝাতে চেয়েছিল যে সে একটি 'terraced house'-এ বসবাস করে।
স্কুলে এই বানান ভুল করায় পরদিন পুলিশ তার বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও পরিবারের একটি ল্যাপটপ পরীক্ষা করে দেখেছে। ব্রিটেনের নতুন আইন অনুযায়ী ছাত্রদের মধ্যে সন্দেহজনক গতিবিধি দেখা গেলে পুলিশকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের জুলাই মাস থেকে এই আইন কার্যকর করা হয়েছে।
তবে এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নেয়নি শিশুটির পরিবার। তাদের দাবি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ ও পুলিশকে ক্ষমা চাইতে হবে। পরিচয় গোপন রাখে বিবিসি অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেছে, স্কুল কর্তৃপক্ষের উচিৎ ছিল তার বানান ভুলের বিষয়টিকে বিবেচনায় নেয়া, অন্য কিছুকে নয়।
