অল্প স্বল্প বিয়ের গল্প

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০১:২৭
আমাদের শোবিজে অঙ্গনের তারকাদের মধ্যে সম্প্রতি বিয়ের হিড়িক পড়েছে। নতুন বছরের শুরুতে মাত্র ১০ দিনের ব্যবধানে পাঁচজন তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি এখন টক অব দ্য টাউন। যেকোনো শুটিংয়ের সেটে সবার মধ্যে তারকাদের বিয়ের বিষয়টি আলোচনার মূলে। শোনা যাচ্ছে, সামনে আরও কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি তারকাদের বিয়েসহ আগামীতে যেসব তারকা বিয়ে করবেন, তাদের খবর জানাচ্ছেন
 
খালেদ আহমেদ
 
শোনা যাচ্ছে, সামনে আরও কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসবেন। কারা তারা? এই তালিকায় আছেন—মডেল কাম অভিনেত্রী ভাবনা, অভিনেত্রী হোমায়রা হিমু, অভিনেতা কল্যাণ ও সাজ্জাদ রেজা
 
মডেল কাম অভিনেত্রী শখ ও সুপার হিরো-হিরোইনখ্যাত নিলয়ের প্রেমের সম্পর্কের কথা সবাই জানতেন। যদিও তারা মাঝেমধ্যে সম্পর্কের কথা স্বীকার করতেন না। উভয়েই বলতেন, তারা ভালো বন্ধু। তাদের সম্পর্কে বেশ কয়েকবার ফাটলও ধরেছিল। তবে এসবে ইতি টেনে তারা নতুন বছরের শুরুতে গত ৭ জানুয়ারি বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিয়ের চারদিন পর জুটিবদ্ধ হয়ে শেখ রুনার পরিচালনায় ‘তোমাকে আর পাই না’ নামের একটি টেলিফিল্মে অভিনয়ও করেছেন। সব মিলিয়ে তাদের নতুন জীবনকে মিডিয়ার সবাই স্বাগত জানিয়েছেন। শখ ও নিলয়ের বিয়ের খবর হজম করতে না করতে গত ১৪ জানুয়ারি অনেকটা হঠাত্ করেই নাঈম ও নাদিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
IMG0
জানা যায়, নাঈমের বাবা ও নাদিয়ার মা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সহপাঠী ছিলেন। দীর্ঘদিন পরে এসে দেখা হওয়ার পর দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমেই পারিবারিকভাবে নাঈম ও নাদিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিন শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে বেশ আয়োজনের মধ্যদিয়েই তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উভয় পরিবারের আত্মীয়স্বজন, নাদিয়া ও নাঈমের বন্ধুবান্ধবসহ মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন। এর মাত্র তিন দিন পর ১৭ জানুয়ারি সুপার হিরো-হিরোইন খ্যাত লামিয়া মিমো বিয়ের পিঁড়িতে বসেন। তার বরের নাম মারুফ। বিয়ের আয়োজন হয় পারিবারিকভাবে। এতে উপস্থিত ছিলেন উভয়ের অভিভাবক ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। এর আগে গত বছর বিয়ে করেন লাক্সতারকা শ্রাবন্তী কর ঊর্মিলা, মডেল স্পর্শিয়া ও লাক্সতারকা সামিহা। বিয়ের মৌসুম চলছে। এ হাওয়ায় মিডিয়াও গা ভাসিয়েছে। মিডিয়া পাড়ায় এখন যেকোনো আলোচনায় উঠে আসছে বিয়ের প্রসঙ্গ। শোনা যাচ্ছে সামনে আরও কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসবেন। কারা তারা? এই তালিকায় আছেন—মডেল কাম অভিনেত্রী ভাবনা, অভিনেত্রী হোমায়রা হিমু, অভিনেতা কল্যাণ ও সাজ্জাদ রেজা। এই চার তারকার কাছের বন্ধুদের কাছ থেকে আগাম বিয়ের খবর পাওয়া গেছে নাম প্রকাশ না করার শর্তে।