ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ রাহুল ঠক্কর ৮৮তম অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার জিতেছেন। চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেট ডিজাইনিংয়ে যুগান্তকারী অবদান রাখায় এবারে অস্কার পুরস্কার পাচ্ছেন এই প্রযুক্তিবিদ। অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস ওয়েবসাইটে রাহুল ঠক্করের ৮৮তম অস্কার জেতার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
অবশ্য সেই তালিকায় রাহুলের সাথে রয়েছেন রিচার্ড চুয়ান। আগামী ১৩ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার দেওয়া হবে। চলচ্চিত্রে ডিজাইনে প্রযুক্তির ব্যবহার করে নতুন মাত্রা যোগ করায় বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিভাগে এই পুরস্কার পাচ্ছেন রাহুল ঠক্কর। ২৮ ফেব্রুয়ারি অস্কার পুরস্কার দেওয়া হলেও প্রযুক্তিক্ষেত্রের ১০টি পুরস্কার দেওয়া হবে ১৩ ফেব্রুয়ারি।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলচ্চিত্রের সেট ডিজাইনে এক নতুন যুগের সূচনা করেছেন চুয়ান ও রাহুল। তাদের সঙ্গে ওয়ার্ক ফ্লো রিভিউ এবং অ্যাডভান্স প্লেব্যাক ফিচারের জন্য পুরস্কার পাবেন অ্যান্ড্রু পিলগ্রিম, স্টুয়ার্ট বার্নাম ও মার্ক কার্ক। অ্যাকাডেমি কর্তৃপক্ষ বলেছে, ডেস্কটপ ও ডিজিটাল থিয়েটার রিভিউয়ে তাদের তৈরি পদ্ধতি ব্যাপক পরিবর্তন এনেছে। টাইমস অব ইন্ডিয়া।
