নীলফামারীর সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে বৃহস্পতিবার বেলা ১০টার সময় এলাকাবাসী হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা দেখা দিলে পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয় বলে জানানো হয়েছে।
জানা যায়, সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী সমস্যায় পড়েন। ওই এলাকাটি দেখাশুনা করেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী আরিফুর রহমান। ঘটনার দিন শত শত এলাকাবাসী বিদ্যুতের বিক্রয় ও বিতরণ কেন্দ্রে যায়। এ সময় কথা কাটাকাটির এক প্রকৌশলীকে লাঞ্ছিত করে অফিসের টেবিলের ও জানালার গ্লাস ভাংচুর করে। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। যা উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে।
