আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলার বিচার শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৪:০৯
 
সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায়  দায়েরকৃত মামলায় ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
 
 
আসামিরা হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, মাহফুজুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাতক পলাশ ওরফে সোহেল রানা।
 
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি খন্দকার আব্দুল মান্নান জানান, মামলার ১১ আসামির মধ্যে গ্রেফতার হওয়া দশজনকে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হয়। অন্যজন মামলার প্রথম থেকেই পলাতক।
 
একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকোচ করে দেয় আদালত।
 
২০১৫ সালের ২১ এপ্রিল আশুলিয়ার কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতিকালে ব্যাংক কর্মকর্তাসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে লুটের ছয় লাখ সাত হাজার টাকা উদ্ধার হয়।
 
গত ১ ডিসেম্বর পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।