ইসলাম ধর্মের অবমাননা করে তৈরি সিনেমা ‘ইনোসেন্স অফ ইসলাম’ আপলোড হওয়ার জের ধরে ২০১২ সালে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান সরকার। তিন বছর পর সাইটটির উপর থেকে তুলে নেয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা।
‘ইনোসেন্স অফ মুসলিমস’ নামে বিতর্কিত ওই চলচ্চিত্র নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশসহ মুসলিমপ্রধান দেশগুলোতে। আর এতে অভিনয় করা শিল্পীরা অভিযোগ করেছিলেন তাদের না জানিয়েই ইসলামবিদ্বেষী কনটেন্ট ঢোকানো হয়েছে সিনেমাটিতে।
চলচ্চিত্রটি নিয়ে বিশ্বব্যাপী আন্দোলনের মধ্যে লিবিয়ায় খুন হন সেদেশে থাকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। মিশর, তিউনিশিয়া, লেবানন, ইয়েমেন আর সুদানসহ অনেক দেশেই প্রাণ হারান মানুষ।
সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানে ইউটিউবের একটি বিশেষ সংস্করণ চালু করা হয়েছে। ওই সংস্করণটি শুধু পাকিস্তানের জন্যই করা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। এতে কোনো কনটেন্ট আক্রমণাত্মক মনে হলে পাকিস্তান সরকার তা মুছে ফেলার ক্ষমতা রাখে।
পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউটিউবের নতুন ওই সংস্করণে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) চাইলে কোনো আক্রমণাত্মক কনটেন্ট ব্লক করার জন্য বলতে পারবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পিটিএ-এর সুপারিশে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের পাকিস্তান সরকার দেশটির জন্য চালু করা ইউটিউবের সামপ্রতিক সংস্করণ অ্যাকসেস করার অনুমোদন দিয়েছে।
