বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ভারতীয় স্বামীরা। সেক্ষেত্রে মৃতের যাবতীয় সম্পত্তির অধিকারী হবে সন্তানেরা। সন্তান না থাকলে তার অভিভাবকেরা সম্পত্তি পাবেন। বুধবার এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
পণপ্রথা সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ে ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের ডিভিশন বেঞ্চ জানায়, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর তিন মাসের মধ্যে স্বামীকে যৌতুক হিসাবে পাওয়া যাবতীয় সম্পত্তি ফেরত দিতে হবে। অনাদায়ে দু’বছরের সশ্রম হাজতবাসের শাস্তির রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ।
বিয়ের ১৫ মাসের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলার রায় দিতে গিয়ে এদিন সংবিধানের ‘স্ত্রী ধন’ সংক্রান্ত অনুচ্ছেদ তুলে ধরেন প্রধান বিচারপতি। এই অনুচ্ছেদের ব্যাখ্যায় শীর্ষ আদালত বলেছে, বিয়ের সময় স্ত্রী বাড়ি থেকে দেয়া যৌতুক ও উপহার ‘স্ত্রীধন’ হিসেবেই গণ্য করা হবে। এতে স্বামী বা শ্বশুরবাড়ির কোনো অধিকার থাকে না।
