ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি তাণ্ডবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ধর্মের নামে যারা এসব ধ্বংসাত্মক কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়, তারা ভণ্ড। তাদের শিকড় উপড়ে ফেলতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। তদন্ত করে চিহ্নিত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’
এ সময় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সদস্য সচিব কামাল পাশা, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, তারেক মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা তাজ মো. ইয়াসীন, নারী নেত্রী নায়ার কবির উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদকে নিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
