পুলিশ ঘুমে, পালিয়ে গেল আসামি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২০:৩৫
 
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন পুলিশের তিন সদস্য। একপর্যায়ে তাঁরা ঘুমিয়ে পড়লে হাতকড়া পরা অবস্থায় অটোরিকশা থেকে পালিয়ে যান ওই আসামি। বুধবার রাতের এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশের ওই তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
 
ওই তিন পুলিশ সদস্য হলেন— শাহজাদপুর থানার পুলিশ কনস্টেবল রবিউল করিম, এনামুল হক ও গণেশ চন্দ্র।
 

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, তারা ডাকাতি মামলার আসামি ভুট্টো মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছিলেন। তাকে অটোরিকশায় করে থানায় আনার সময় তিনজনই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ভুট্টো মিয়া হাতকড়া পরা অবস্থায় অটোরিকশা থেকে পালিয়ে যান। এ কারণে কনস্টেবল রবিউল করিম, এনামুল হক এবং গণেশ চন্দ্রকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।