ঢাকা-খুলনা মহাসড়কে জেলা সদরের চরখানখানাপুর ঈদগা এবং গোয়ালন্দে ক্যানালঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ও বিকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
জেলা সদরের গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি বিএম ইমদাদুল হক বলেন, ঢাকার তেপান্তর গ্রুপের একটি মাইক্রোবাস গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছায়। এ সময় চালক রুবেল সেখান থেকে ৮/৯ জন যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কে জেলা সদরের চরখানখানাপুর ঈদগা এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে একটি ইপিল ইপিল গাছ ভেঙ্গে অপর একটি গাছের উপর উঠে ঝুলে থাকে। এতে মারাত্মকভাবে আহত হয় যাত্রীরা। ঘটনাস্থলেই মারা যান চালক রুবেল এবং গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান হলি বেগম। এ সময় আহত রনি, জুয়েল, বাবু, অর্জুন, শ্রীবাস, মাহমুদুজ্জামানকে প্রাথমিক চিকিত্সা সেবা প্রদান করা হয়।
অপরদিকে গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট এলাকায় বাস চাপায় এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাই-সাইকেল আরোহী সামাদ মৃধা দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার পোড়াই মৃধার ছেলে। রাজবাড়ীর গোয়ালন্দ থানার ওসি এস এম শাহজালাল জানান, বৃহস্পতিবার সকালে ক্যানেল ঘাট এলাকায় ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস অপরদিক থেকে আসা বাই-সাইকেল আরোহী সামাদ মৃধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
