‘ইনক্রেডিবল ইন্ডিয়া’য় অমিতাভ-প্রিয়াংকা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১১:৪৬
আমির খানের পর কে হবেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেইনের মুখ, তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিয়ে ভারতীয় মিডিয়া বলছে, এই মুখ হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়াকেই। সূত্র- ফার্স্টপোস্ট ও ইকোনোমিকস টাইমস।
 
অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার পরই আমিরকে এই ক্যাম্পেইন থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়, চুক্তি শেষ হওয়ার দরুণই সরানো হয়েছে তাকে।
 
এরপর থেকে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র পরবর্তী মুখ কে হতে পারেন তা নিয়ে চলে নানা জল্পনাকল্পনা।
 
প্রথমে গুঞ্জন উঠে, আমিরের পর বাকি দুই খানদের কাউকেই ডাকা হতে পারে। কিন্তু শাহরুখ খান নিজে অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। ফলে অবধারিতভাবেই বাদ দেয়া হয় তাকে। অন্যদিকে, হিট অ্যান্ড রান মামলার কারণে সালমান খানের ভাবমূর্তিও সমালোচনা উর্ধ্ব নয়। আর সে কারণে তিনিও বাদ।
 
কোনও ক্রিকেটারকে ডাকা হবে কি না, তা নিয়েও কথা উঠে।
 
এদিকে, অভিষেক বচ্চন জানান, তিনি এই সরকারী প্রচারের অংশ হতে চান। এই তালিকায় যোগ হয় অক্ষয় কুমারের নামও। কারণ তিনিও ঘোষণা দেন, ইনক্রেডিবল ইন্ডিয়ার মুখ হতে তারও আগ্রহ অনেক।
 
তবে এদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য নামটি ছিল অমিতাভ বচ্চন। ফলে প্রত্যাশিতভাবেই তিনি এ ক্যাম্পেনে নিযুক্ত হচ্ছেন।
 
নিজের প্রতিভায় বিটাউনকে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘মেরি কম’ থেকে শুরু করে ‘কোয়ান্টিকো’ -দেশ ও বিদেশে তিনি এই মুহূর্তে ভারতের সেরা মুখ। তাই অতুল্য ভারতের প্রচারে তাকেও জায়গা করে দেয়া হয়েছে।