৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৩:১৫
পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে।
 
আগামী ৩ মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে জানিয়ে পিএসসি বলেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচি পরে জানানো হবে।
 
গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন প্রার্থী। এ বছর মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। অবশ্য কমিশনের ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করা যাবে। এটি যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
 
৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে লোক নিয়োগের কথা রয়েছে। এছাড়াও ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী এর প্রাথমিক পরীক্ষায় অংশ নেন।