‘অসহিষ্ণুতা’ ইস্যুতে কথা বলে সমালোচিত হয়েছেন আমির ও শাহরুখ খান। এবার এই ব্যাপারটি নিয়ে বোমা ফাটালেন বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর। বললেন, ভারতে মনের কথা বলাই মুশকিল। এদেশে খোলাখুলি কথা বললে যেতে হবে জেলে! এখানে কথা বলার স্বাধীনতা ‘কৌতুক’ ছাড়া আর কিছু নয়। সূত্র- আইবিএন লাইভ।
জয়পুরের ‘লিটারেচার ফেস্টিভ্যাল’-এ এ কথা বলেন করণ। তার কথায়, ‘ভারত এমন এক ‘শক্ত দেশ’, যেখানে নিজের সম্পর্কে কিছু বলতে গেলে জেলযাত্রা অবশ্যম্ভাবী।’
পিনাল কোড-এর ৩৭৭ ধারার উল্লেখ করে করণ আরও বলেন, ‘প্রতিটি ছবি নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই চালাতে হয়। আমরা যা খুশি লিখতে পারি বা বলতে পারি না। নিজের মনের ইচ্ছে প্রকাশ করতে পারি না। সবসময় ভয় কাজ করে, কোথাও হয়তো আমার জন্য আইনি নোটিশ অপেক্ষা করে রয়েছে। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়?
শেষমেশ করণ এটাও বলেন, ‘অসহিষ্ণুতা’ নিয়ে কোনও মন্তব্য করে সরকারের রোষে পড়তে চান না তিনি।
