রাজশাহীর বাঘায় গাঁজা সেবন ও বিক্রির দায়ে একজন নারীসহ চার জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার এ রায় কার্যকর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর বাঘা উপজেলার চক ছাতারি গ্রামের রহিদুল ইসলামের বাড়িতে গাঁজা সেবন করছিলেন কালাম, জাহাঙ্গীর ও রেজাউর। আর তাদের মধ্যে গাঁজা পরিবেশন করছিলেন ওই বাড়ির মালিক ও গাঁজা বিক্রেতা রহিদুলের স্ত্রী হিরা খাতুন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ সেখানে হানা দেয় এবং তাদের প্রত্যেককে আটক করে।
পরে শুক্রবার দুপুরে তাদেরকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার তাদের স্বীকারোক্তি পেয়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
