বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, প্রধান বিচারপতির ওই বক্তব্যের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী থেকে শুরু করে বর্তমান সরকারের ‘সবকিছুই অবৈধ হয়ে গেছে’।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, আমরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যকে স্বাগত জানাই। তিনি সাহস করে তার ওপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্বটা মনে করে, বিচারের কথা মনে করে সত্য কথা বলেছেন। তার ওই বক্তব্য সরকারকে নাড়িয়ে দিয়েছে। তার ওই বক্তব্যে সরকারের মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়েছে।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তিতে গত বুধবার এক বাণীতে বিচারপতি সিনহা বলেন, অবসরের পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’।
তার ওই বক্তব্য ধরে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় লিখেছিলেন, তা বর্তমান প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী অবৈধ হয়ে গেছে। আর ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটিয়েছিল- তাও বৈধতা হারিয়েছে।
মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে একটা ভূকম্পন আমরা দেখেছি- সব কিছু নড়ে যায়। অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যেও সরকারের মধ্যে আরেকটা ভূকম্পন সৃষ্টি করল।
এই বিএনপি নেতা বলেন, বিচার বিভাগের শীর্ষে বসে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। যখন তিনি ওই বক্তব্য দেন… তখন আমরা যেটার ভিত্তিতে ২০১৪ সালের নির্বাচন করলাম, যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে নির্বাচন হলো, সেটা তো অবৈধ। আমি তো মনে করি, সরকার যে সংসদের ওপর দাঁড়িয়ে আছে, সরকার সবই অবৈধ হয়ে গেছে।’
