ইরানের নিন্দায় ওআইসির বিবৃতি, বাংলাদেশের সমর্থন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৭:৫০
সৌদি দূতাবাসে হামলা ও ‘আঞ্চলিক সন্ত্রাসে তেহরানের অব্যাহত মদদ’ দেয়ার অভিযোগ তুলে ইরানের নিন্দা জানিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যে যৌথ বিবৃতি দিয়েছে, তাতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ।
 
সৌদি আরবের অনুরোধে বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের ‘বিশেষ’বৈঠকে এ বিবৃতি পড়ে শোনানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে এই বিবৃতিকে ‘একচোখা ও দোষারোপমূলক’ প্রকৃতির আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান।
 
তেহরানে সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলার পর উদ্ভূতি পরিস্থিতি নিয়ে আলোচনার ডাকা ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও অংশ নেন। এর আগে বাংলাদেশ এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ হামলার ঘটনা কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের ‘স্পষ্ট লঙ্ঘন’।
 
সৌদি সরকার শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে তেহরানে বিক্ষুব্ধ লোকজন দূতাবাসে হামলা চালায়। এরপর ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে মারাত্মক চিড় ধরে।
 
সাম্প্রতিক ঘটনাগুলো দুটি দেশের মধ্যে চলমান সম্পর্ককে আরো খারাপ করেছে।